করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ, মঙ্গলবার থেকে অনুশীলনে নামবেন মুমিনুলরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হওয়ায় নিউ জিল্যান্ড সফরে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বাংলাদেশ দলের। তবে এক ভিডিও বার্তায় সোমবার সেখান থেকে সুখবর জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি বলেছেন, চতুর্থ করোনা টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। যে কারণে মঙ্গলবার থেকে টাইগাররা শুরু করতে পারবে অনুশীলন।

এবারের নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন করার কথা ছিল ৭ দিন। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় পাল্টে গেছে হিসাব–নিকাশ। কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ দলকে চতুর্থবারের মতো করোনা নেগেটিভ বাধ্যতামূলক। গতকাল সেই চতুর্থ করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন ক্রিকেটাররা। যেখানে দলের সবাই নেগেটিভ হওয়ায় আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সিরিজ এক ভিডিও বার্তায় এই সুখবর জানিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, ‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল। আজ সকালে ফলাফল এসেছে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’

মঙ্গলবার ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে পুরোদমে অনুশীলন করবে বাংলাদেশ দল। সেখান থেকেই কাল সরাসরি টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। এ ব্যাপারে মাহমুদ বলেন, ‘আগামীকাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’

আগামী ১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড সফরের মাঠের লড়াই। ঐদিন মাউন্ট মঙ্গানুইতে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর সিরিজের শেষ টেস্ট হবে ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন