চাকরি হারালেন টাইগারদের ফিল্ডিং কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবিতে চাকরি হারালেন ফিল্ডিং কোচ রায়ান কুক। পাকিস্তান সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে এই ফিল্ডিং কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৮ সাল থেকে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছিলেন কুক। ২০১৯ সালে বিশ্বকাপ দলের ফিল্ডিং খারাপ হলেও তার সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছিল বিসিবি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই এই কোচের সঙ্গে সম্পর্ক শেষ হলো বাংলাদেশের।
পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে স্থানীয় একজনকে দিয়ে কাজ চালাবে বিসিবি।
বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকালে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেটের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, আমাদের হাতে কিছু নাম আছে। পাশাপাশি আমরা উঁচুমানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি মাসখানেকের মধ্যেই পেয়ে যাব।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান আরও জানান, রায়হান কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় নতুন স্থানীয় একজনকে নিচ্ছি। কাকে নিচ্ছি এটা ১৬ তারিখ চূড়ান্ত করব। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তি নবায়ন করছি না। এজন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।