লক্ষ্মীপুরে প্রেমিকাদের কাছে ভাড়া চাওয়ায় রিকশাচালককে হত্যাচেষ্টা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে প্রেমিকাদের নিয়ে দিনভর রিকশায় ঘুরে ভাড়া না দিয়েই কৌশলে প্রেমিক ইমন হোসেন ও মো. শুভ সটকে পড়ে। পরে রিকশা চালক আমির হোসেন ভাড়ার জন্য ওই প্রেমিকাদের বাড়ির সামনে যায়৷ ভাড়া চাইলে তরুণীরা তাদের প্রেমিকদের বিষয়টি জানান। এতে তারা (প্রেমিক) রিকশাচালককে মোবাইলফোনে শহরে ডেকে নেয়।

একপর্যায়ে ইমন ও শুভ টাকা দেওয়ার কথা বলে আমিরকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে ১০-১২জন যুবক তাকে বেধড়ক মারধর করে। এসময় ছুরি দিয়ে তাকে জবাই করে হত্যাচেষ্টা চালায়। পরে আমির সবার হাত-পায়ে ধরে প্রাণ ভিক্ষা চায়৷ ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দিয়ে তারা আমিরকে শহরে নামিয়ে দিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে সদর মডেল থানায় ইমন ও শুভর নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে আমির লিখিত অভিযোগ দায়ের করে। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে ও ব্যাটারি চালিত অটোরিকশা চালক।

এরআগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আমিরকে হত্যাচেষ্টা করা হয়। এসময় তার মুঠোফোন ও ৮০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। খবর পেয়ে স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

অভিযুক্ত ইমন সমসেরাবাদ এলাকার রশিদ ডাক্তারের ছেলে ও শুভ একই এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন