রায়পুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হুড়োহুড়ি
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটের পাশে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে হাসপাতালের রোগীরা হুড়োহুড়ি করতে থাকে। তাৎক্ষণিক হাসপাতালে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্র জানায়, করোনা ইউনিটের পাশে একটি কক্ষে থাকা অক্সিজেন সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাৎক্ষণিক রোগীরা হুড়োহুড়ি করতে থাকে। বেশ ধোঁয়াও ছড়িয়ে পড়ে চারদিকে। সম্প্রতি আবুল খায়ের কোম্পানির দেওয়া ৮ টি সিলিন্ডার ওই কক্ষে ছিল। এরমধ্যে একটি বিস্ফোরণ ঘটে। বাকি ৭ টি সিলিন্ডার অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বাহারুল আলম বলেন, সিলিন্ডার বিস্ফোরণে তাৎক্ষণিক আতঙ্ক সৃষ্টি হলেও কারও কোন ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।