লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীরা পেলে প্রশাসনের ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে করোনা আক্রান্তদের সেবাদানে কাজ করার ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার দেওয়া হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের পেশেন্ট সাপোর্ট ফান্ড (পিএসএফ) থেকে ৩৫ টি অক্সিজেন বিতরণ করা হয়েছে।

 

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সভার মাধ্যমে স্বেচ্ছাসেবীদের হাতে সিলিন্ডারগুলো তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

 

 

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ৫ টি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রতিটি মুহুর্তে করোনা আক্রন্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিয়ে আসছেন। তবে প্রয়োজনের তুলনায় স্বেচ্ছাসেবীদের কাছে অক্সিজেন সিলিন্ডার নেই। বিষয়টি জেলা প্রশাসক আনোয়ার হোছাইন জানতে পারেন। এতে জেলার ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে পিএসএফ থেকে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

 

আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্বশীলদের ডেকে এনে একটি সিলিন্ডার ও অক্সিমিটার দেওয়া হয়। বক্তারা বলেন, সমাজ ও দেশের ক্রান্তিলগ্নে তরুণরা সবসময় হাল ধরেছে। করোনার এ ক্রান্তিলগ্নে আক্রান্ত রোগীদের প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে এ তরুণ স্বেচ্ছাসেবীরাই বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। তাদের সেবা পেয়ে বহু রোগী সুস্থ হয়েছেন। তাদের এ প্রচেষ্টায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন