রায়পুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যেগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক প্রমুখ।

 

এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রচনা, বক্তৃতা, কবিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন