ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ মার্চ, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করেন।

সেতুটি  দীর্ঘ ১ দশমিক ৯ কিলোমিটার। এটি খাগড়াছড়ির সীমান্তঘেঁষা রামগড়ের সঙ্গে ভারতের সাব্রুমের সংযোগ স্থাপন করবে। সেতুটির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, কর্মসংস্থান, আমদানি-রফতানিসহ অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

গতকাল ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সেতুটি উদ্বোধনের ফলে ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য ‘গেটওয়ে অব নর্থ ইস্ট’ হয়ে উঠবে। এটি সাব্রুম প্রান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। সেতুটি দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রীদের চলাচল সহজ করতে, উত্তর-পূর্ব রাজ্যের পণ্যগুলোর জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করতে এবং ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের নির্বিঘ্ন চলাচলে সহায়তা করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন