উপসচিব পদে পদোন্নতি পেলেন ৩৩৭ কর্মকর্তা
প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা।
রবিবার (৭ মার্চ) এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ১৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।
প্রশাসন ক্যাডারের ২৫৮ জন কর্মকর্তা এবার এ পদে পদোন্নতি পেয়েছেন। আর অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হয়েছেন ৭৯ জন কর্মকর্তা।
চলতি বছর প্রশাসনে এটাই বড় ধরনের পদোন্নতি। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ৯৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও ৫ জুন ১২৩ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।
তবে উপসচিব পদে এর আগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছিল ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি, ওই সময় ৪০৭ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। উপসচিব থেকে উপরের পদগুলো সরকারের পদ হিসেবে গণ্য করা হয়।