রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে পাকা বাড়ি নির্মাণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ মার্চ, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমির মালিকের মামলার পর আদালত নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করে পাকা বাড়ি নির্মাণ অব্যাহত রেখেছেন আলো রানী সূত্রধর ও নয়ন রানী সূত্রধর নামে দুই নারী। তারা ওই উপজেলার আশারকোটা গ্রামের হুতার বাড়ির বাসিন্দা।

জানা গেছে, জোরপূর্বক জমি দখল করে সেখানে পাকা বাড়ি নির্মাণ করছেন ওই দুই নারী। এ ঘটনায় জমির মালিক উপেন্দ্র সূত্রধরের ছেলে নারায়ণ সূত্রধর গত ৮ ও ১৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করেন। এরপরও অজ্ঞাত কারণে বন্ধ হয়নি বাড়ির নির্মাণ কাজ।

স্থানীয়রা জানায়, আশারকোটা গ্রামের হুতার বাড়ির নারায়ন সূত্রধরের সম্পত্তি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ শুরু করেন আলো রানী সূত্রধর ও তার মেয়ে নয়ন রানী সূত্রধর। এতে বাধা দিলে তারা লোকজন নিয়ে জমির মালিক নারায়ণ ও তার বাবা উপেন্দ্র সূত্রধরকে মারধর করে। কোনো উপায় না পেয়ে নারায়ণ সূত্রধর ৮ ফেব্রুয়ারি আদালতে মামলা করলে আদালত ওই জমির ওপর বাড়ি নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলো রানী সূত্রধর বীরদর্পে বাড়ির কাজ অব্যহত রেখেছেন। পরে নারায়ণ সূত্রধর আবারো মামলা করলে আদালত রামগঞ্জ থানার এসআই আনোয়ারকে তদন্তের দায়িত্ব দেয়।

নারায়ণ সূত্রধরের বাবা উপেন্দ্র সূত্রধর ও মা মায়া রানী সূত্রধর বলেন, আলো রানী সূত্রধর প্রভাবশালী হওয়ায় আমাদের সম্পত্তি জবর দখল করে ভবন নির্মাণ করছে।

অভিযুক্ত আলো রানী ও নয়ন রানী সূত্রধর বলেন, ওই জমিতে আমরা ৪০-৫০ বছর ধরে বসবাস করছি।

তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে বাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখার
জন্য বলে এসেছি।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। এরপরও কাজ করলে আদালত তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন