রায়পুরে প্রবাসী হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে ফ্রান্স প্রবাসী আতাউর রহমান ঝুটনের হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা রায়পুর-হায়দরগঞ্জ সড়কের ফজু মোল্লার স্টেশন এলাকায় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এতে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) তাজুল ইসলাম, মো. জাফর, যুবলীগ নেতা সিদ্দিক সর্দার, সৈয়দ আহমেদ চৌধুরী, নিহতের আত্মীয় আবদুল মালেক, মো. লিটন, হ্যাপী আক্তার, লিপি বেগম ও রুবি আক্তার প্রমুখ।
বক্তারা জানিয়েছেন, ঝুটন এলাকায় সবার প্রিয় ছিলো। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।
থানা পুলিশ জানায়, ঝুটন দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের মোখলেছুর ছেলে ও ফ্রান্স প্রবাসী ছিলেন। গত ৬ ফেব্রুয়ারি একই ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামের ইঞ্জিনিয়ার শাহজাহান কামালের বাড়ি সীমানা প্রাচীরের ভেতর থেকে ঝুটনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে একই দিন নিহতের বোন হ্যাপি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামি নাজমা আক্তার নয়নকে গ্রেপ্তার করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, নাজমা আক্তার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ৭ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।