লক্ষ্মীপুরে প্রথম ধাপে দেওয়া হচ্ছে ৬০ হাজার ডোজ টিকা
লক্ষ্মীপুরে প্রথম ধাপে বিভিন্ন পেশার সম্মুখযোদ্ধা ৩০ হাজার জনকে ৬০ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একযোগে জেলার ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মোট ১১টি বুথে এ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপর জেলা সদর হাসপাতালে কোভিড-১৯ এর টিকা নেয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফার।
পরে পর্যায়ক্রমে কোভিড ভ্যাকসিন নেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহীদুল ইসলাম (রাজস্ব), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মানুন, বিএমএ সভাপতি ডাঃ মো জাকির হোসেন, সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন।
সদর হাসপাতালে ২১টি স্টলে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীসহ রেড-ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবী কর্মীরা এ টিকাদান কর্মসূচিতে সহযোগীতা করছেন।
১ম দিনে ২ হাজার ২শত জনকে টিকা দেয়া হচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। আর এ পর্যন্ত জেলায় অনলাইনের মাধ্যমে প্রায় ছয় হাজার লোককে কোভিড-১৯ এর নিবন্ধনের আওতায় আনা গেছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কারোর শরীরে কোনো প্রকার পাশ্ব প্রতিক্রিয়ার খবর জানা যায়নি। সবাই সুস্থ্য আছেন বলে জানা গেছে।
কেন্দ্রিয় স্বাস্থ্য ভান্ডার থেকে মোট প্রাপ্ত ৬০ হাজার ডোজ ভ্যাকসিন ৩০ হাজার লোকের মাঝে প্রথম ও দ্বিতীয়বার দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার।
এদিকে রামগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খান। এসময় তিনি জনগণকে উদ্যেশ্য করে বলেন, অনেকেই করোনার টিকা নিয়েছেন তাদের কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাই গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নিয়ে করোনাকে জয় করার আহবান জানান এ সাংসদ।