মিরসরাইয়ে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের জুয়েল রায় (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল রায় মিরসরাই সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার প্রদীপ রায়ের ছেলে।

মিরসরাই সদর নয় নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমরান উদ্দিন  বলেন, সকালে মিঠাছরা থেকে ফেনীতে পরীক্ষার প্রবেশপত্র আনার জন্য কলেজে যাচ্ছিলেন জুয়েল। পথিমধ্যে সোনাপাহাড়া এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন  জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন