ভোটারদের লম্বা সারি রামগঞ্জ নির্বাচনে
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রে ভোটারের লম্বা সারি দেখা গেছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রে ভোটাধিকার শুরু হয়। এতে নৌকা প্রতিকের আবুল খায়ের পাটওয়ারী, ধানের শীষের তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্চু, লাঙলের মোহাম্মদ মহসীন ও ইসলামী আন্দোলনের জাকির হোসেন দেওয়ান প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে সকাল সাড়ে ৯টার দিকে মধ্য সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা রাজু আহম্মদ ও ছাত্রলীগ নেতা কামরুল হাসান ফয়সাল মালকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সকাল থেকে পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি দেখা গেছে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি সরব রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্রে ৩৬ হাজার ৪১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৬৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় এড়াতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অধীনে বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের জানান, বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।