বায়ু দূষণে বাড়ছে ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি
বায়ুদূষণ পরিবেশ ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়াচ্ছে। সোমবার বেসরকারি সংস্থা ‘এসডো’ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেন, বায়ুদূষণ রোধে যথেষ্ট সতর্কতার অভাব রয়েছে। এই দূষণের জন্য তারা দায়ি করছেন কল-কারখানা, অতিরিক্ত যানবাহন ও নির্মাণ কাজের ধুলাকে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে জানালেন, বায়ুদূষণের কারণে ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে।
নির্মাণ কাজ, কলকারখানা ও অতিরিক্ত যানবাহনের কারণে দেশে বায়ু দূষণের মাত্রা বাড়ছে আশঙ্কাজনকভাবে। বায়ুমান সূচকে বিশ্বে দূষণের মাত্রায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং ঢাকা নগরী চতুর্থ অবস্থানে রয়েছে।
এমন বাস্তবতায় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডো সোমবার ‘বাংলাদেশে বায়ু দূষণ: অভ্যন্তরীণ এবং বহিরাগত উৎস’ বিষয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। তাতে তুলে ধরা হয় বায়ুদূষণ কতটা ক্ষতি করছে মানুষ ও পরিবেশের।
বিশেষজ্ঞরা বললেন, বায়ুদূষণ শুধু স্বাস্থ্যঝুঁকির কারণ নয়, পরিবেশ ও অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলেছে। বাইরের তুলনায় ঘরে বায়ুদূষণজনিত ক্ষয়ক্ষতি আড়াইগুন বেশি ক্ষতিকর।
তবে বায়ুদূষণ রোধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়। আলোচনা সভায় বায়ুদূষণ রোধে নতুন আইন প্রণয়নের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা।