মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধন জরুরি: যুক্তরাজ্য

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২০ ১০:১৬ অপরাহ্ণ

মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধন করা জরুরি বলে জানিয়েছে যুক্তরাজ্য। যাতে করে প্রত্যেকে দেশটির রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নিতে পারেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রত্যেকে মিয়ানমারের রাজনৈতিক প্রক্রিয়াতে সম্পূর্ণরূপে অংশ নিতে পারেন তা নিশ্চিত করতে নাগরিকত্ব আইন সংশোধন করা এখন গুরুত্বপূর্ণ।’

যেসব জায়গায় নির্বাচন বাতিল করা হয়েছে সেখানে যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী।

নাইজেল অ্যাডামস বলেন, ‘আমরা আরাকান আর্মি দ্বারা সংসদীয় প্রার্থীদের অপহরণের নিন্দা জানাই এবং তাদের তাৎক্ষণিক মুক্তির দাবি করি।’

তিনি আরো বলেন, ‘আমরা রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘুদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি দেখে হতাশ হয়েছি।’

খবর: ইউএনবি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন