ফেনী সীমান্ত থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
ফেনী: পরশুরাম পৌরসভার গুথুমা গ্রামের ভারত সীমান্তবর্তী খারিজকোনা এলাকা থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- একই এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম (২৮), মো. স্বপন (২৪)।
জানা গেছে, ভারত সীমান্তবর্তী ওই স্থানে রোববার (১৮ অক্টোবর) ভোরে দুই জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন ৮ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রসুল আহাম্মদ মজুমদার স্বপন।
তিনি জানান, ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী। মরদেহের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিভাবে মারা গেছে তা অনুমান করা যাচ্ছে না।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন দুই জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।