শেখ হাসিনার জন্মদিন: শ্রমিক লীগের আয়োজনে উৎফুল্ল এতিমরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে সরকারি শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদেরকে মধ্যাহ্নভোজ করানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শ্রমিক লীগের উদ্যোগে সাহাপুর এলাকায় শিশু পরিবার কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়। পরে এতিম শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।
জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, রাসেল মাহমুদ মান্না, ইসমাইল হোসেন চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী একজন দক্ষ রাষ্ট্রনায়ক। ঈর্ষনীয়ভাবে তিনি দেশকে উন্নয়নের জোয়ারে এগিয়ে নিয়েছেন। তাঁর নেতৃত্বেই সারাবিশ্বে বাংলাদেশ এখন একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবেও বাংলাদেশের সুনাম রয়েছে বিশ্বে।