রামগঞ্জে পুলিশ পাহারায় আ.লীগ নেতা মমিন পাটওয়ারীর সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৭:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশ পাহারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলার ভয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বৈরিয়াইশ গ্রামে পুলিশ পাহারায় এ সভা হয়।

এরআগে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে হামলা চালিয়ে নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে নির্মিত সভা মঞ্চ ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন আয়োজকরা। যদিও আনোয়ার খান এমপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে।
পুলিশ পাহারায় জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী। এসময় ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবু ও রাকিব হোসেন শান্ত ও দলীয় নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

দলীয় ও স্থানীয়রা জানায়, এমপি আনোয়ার হোসেনের অনুসারীরা রবিবার রাতে হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত সভা মঞ্চ ভেঙে দেয়। ফের হামলার ঘটনা এড়াতে পুলিশ পাহারায় সোমবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা সম্পন্ন করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কে বা কারা মঞ্চ ভাঙচুর করেছে তা জানা যায়নি। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক ছিল।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। ওইদিন এমপি আনোয়ার হোসেনের অনুসারীরা রামগঞ্জ পৌরসভা কার্যালয়ে গেটে তালা ঝুলিয়ে দেয়। এতে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, রামগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীসহ দলীয় নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়ে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন