অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২০ ৮:১১ অপরাহ্ণ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তার ছেলে সুমন মাহবুব।

করোনাভাইরাসের সংক্রমণ মুক্ত হলেও এক সপ্তাহ আগে হঠাৎ অবস্থার অবনতির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা আরো জটিল হয়। রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনার সংক্রমণ ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়।

মৃতুকালে মাহবুবে আলমের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পুত্র সুমন মাহবুব সাংবাদিকতা পেশায় ও কন্যা শিশির কনা আইন পেশায় রয়েছেন।

২০০৯ সালের ১৩ জানুয়ারি তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং একই সঙ্গে পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের জন্য সংবিধানের ৫ম, ৭ম ও ১৩তম, ১৬তম সংশোধনী মামলা, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদী, মো. কামরুজ্জামান, আলী আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামীসহ অনেকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে অ্যাপিলেট ডিভিশনে মামলা পরিচালনা করেছেন। হাই কোর্ট ডিভিশনে বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেছেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন