নোয়াখালীতে পুকুরে গোসল করা নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৮

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২০ ৫:১১ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করা নিয়ে ঝগড়ার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে খুন করা হয়েছে। নিহত আব্দুল্লাহ আল নোমান হৃদয় (২৪) চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই ৮ আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- হাজিপুর মহল্লার বাসিন্দা সোহাগ, নাঈম, মো. জাহাঙ্গীর আলম, জাবেদ, বেলাল, জাহিদ হাসান জীবন, জহির ও ইমরান হোসেন ঝন্টু। স্থানীয়রা জানান, হৃদয় শুক্রবার দুপুরে তাদের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় সোহাগ, নাঈম, জাবেদসহ কয়েক জনের সঙ্গে গোসল করা নিয়ে হৃদয়ের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুর আড়াইটার দিকে প্রতিপক্ষের ১০-১২ জন যুবক হাজিপুর মিয়ারপুলের পশ্চিম দিকে আসলাম হাজির বাড়ির সামনে হৃদয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের পেটে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। হৃদয়ের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলার সময় সালাম ব্যাপারীর ছেলে সোহাগ ও বাহার উদ্দিনের ছেলে ফাহিম, নাঈমসহ ১০-১৫ জন ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের পেটে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮ টার দিকে তিনি মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোহাগকে প্রথম আসামী করে ১০ জনের নাম উল্লেখ এবং ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ রাতেই ১০ আসামীর মধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে। বাকী আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আব্দুল আজিম বলেন, হৃদয়ের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শনিবার দুপুরে জেনারেল হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালকে কুপিয়ে যুবক হত্যার ঘটনা খুবই দু:খ জনক। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ ছাড় দিবে না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন