রায়পুরে ব্যবসায়ীকে অপহরন চেষ্টা মামলায় পাঁচ আসামি কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুরে মামলার বাদীকে মারধর করে অজ্ঞাত স্থানে অপহরন চেষ্টা করার মামলায় ৫ আসামিকে বৃহস্পতিবার (৬ আগষ্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে (৫ আগষ্ট) উপজেলার কেরোয়া ইউপির মীরগন্জ বাজারে এঘটনা ঘটেছে।
মামলার আসামীরা হলেন, রায়পুরের পুর্ব কেরোয়া গ্রামের মো. শামিম (২৬), সদর উপজেলার হামছাদী ইউপির মন্ডলতুলী গ্রামের মো. শিহাব (২৫), মো. মিরাজ (২৬), মো. রাসেল (২৫) ও মো. সোহেল (২৬)। গ্রেপ্তারকৃতরা একেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকুরিজীবি ও ব্যবসায়ী হন।
মামলার সুত্রে ও বাদী মো. মামুন জানায়, রায়পুরের মীরগন্জ বাজারের পাশে মন্ডলতুলী গ্রামের গ্রেপ্তারকৃত যুবকরা প্রায় দুই বছর আগে ব্লাড ডোনেট নামে একটি ক্লাব করে। এ ক্লাবের নামে তারা একতাবদ্ধ হয়ে মীরগন্জ বাজার, তার আশেপাশের এলাকায় ত্রাসের সৃষ্টি ও কিশোর গ্যাং তৈরী করে। ক্লাবের নামে এদের কার্যক্রমে বাজার ব্যবসায়ীরা ও গ্রামবাসী আতংকিত থাকতেন। বুধবার রাতে ওই বাজারের মামুন নামের এক ব্যবসায়ীকে তুচ্চ ঘটনায় মারধর করে দোকান থেকে তুলে নেয়ার চেষ্টা করে ওই ৫ যুবক। এসময় মামুনের চিৎকারে অন্যব্যবসায়ীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মামুন বাদী হয়ে ওই ৫ যুবকের নামসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনের নামে রায়পুর থানায় মামলা দায়ের করেন।।
অভিযুক্ত যুবকরা বক্তব্য দিতে রাজি না হওয়ায়, তাদের এক আত্নীয় ফারুক হোসেন বলেন, মামলার বাদী ও আসামীরা একে-অপরের বন্ধু। সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, এক ব্যবসায়ীকে মারধর ও তুলে নেয়ার চেষ্টার-মামলায় ৫ যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগও রয়েছে।