করোনার ভুয়া রিপোর্টসহ জাল সনদ চক্রের সদস্য গ্রেফতার
কুমিল্লায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভুয়া রিপোর্টসহ সকল ধরনের জাল সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সীলমোহর তৈরি করে প্রতারণা করে আসছিল এক যুবক। র্যাব-১১ এর অভিযানে কুমিল্লার চান্দিনা এলাকা হতে ওই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রিন্টার, স্ক্যানার মেশিনসহ কম্পিউটার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ওই প্রতারকের নাম মোরশেদ আলম (৩২)। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার জাফরাবাদ গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল খন্দকার সাইফুল আলম।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি আভিযানিক রোববার বিকেলের দিকে চান্দিনা বাজার এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট প্রদানসহ সকল ধরনের জাল সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সীলমোহর তৈরীর নামে প্রতারণা করার অভিযোগে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময়ে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিপিইউ, মনিটর, কালার প্রিন্টার, ইন্টারনেট মডেম, পেন ড্রাইভ ৩ টি, মোবাইলফোন ২টি, ভুয়া করোনা সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও প্রতারণার মাধ্যমে আয় করা নগদ অর্থ উদ্ধার করা হয়।
এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।