নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর ডোবায় মিলল লাশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী গত ১০ দিন ধরে তার বাবার বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।

নিহত পরানী (৪০) নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আক্কাস আক্তারের মেয়ে। স্বামী পরিত্যাক্তা পরানী ৫ সন্তানের মা।

বুধবার (২২ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদীতলা এলাকার ভাইয়া মিয়ার নতুন বাড়ির পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবাহ বিচ্ছেদের পর পরানী ৫-৬ বছর ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত ১২ জুলাই বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরে এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

তিনি আরও জানান, সকালে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে মরদেহটি ডোবায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন