করণ, যশরাজ, সালমানকে বয়কটের দাবি!
বলিউড থেকে চিরকালের জন্য দূর করা হোক স্বজনপোষণকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সরব হতে শুরু করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর প্রতিবাদে করণ জোহর, যশরাজ ফিল্মস এবং সালমান খান-কে বয়কটের ডাক দিয়ে সই সংগ্রহের কাজ শুরু হয়েছে অনলাইনে।
করণ জোহর, সালমান খান এবং যশরাজ ফিল্মসকে বয়কটের দাবিতে অনলাইন পিটিশনে ইতোমধ্যেই ৪০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করে ফেলেছেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস, সালমান খান এবং তার প্রযোজনা সংস্থা এসকেএফ-এর সিনেমা যাতে মানুষ না দেখেন, তার জন্য একজোট হতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ।
শুধু তাই নয়, পাটনায় সালমান খানের বিয়িং হিউম্যান স্টোর ভাংচুর করা হয়েছে। বিয়িং হিউম্যান স্টোরের সামনে গিয়ে সালমান খান ‘মুর্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন সুশান্ত অনুরাগীরা। পাশাপাশি যে সমস্ত দোকানের উপরে সালমান খানের ব্যানার, পোস্টার রয়েছে, তা সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে মালিকদের।
এদিকে সুশান্ত সিং রাজপুত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। করণ জোহর, একতা কাপুর, সঞ্জয়লীলা বনশালি এবং সালমান খানের বিরুদ্ধে ইতোমধ্যেই বিহারের মুজফ্ফরপুরের আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। পাশাপাশি বলিউডের ৫ প্রযোজনা সংস্থাকেও নোটিস পাঠিয়েছে মুম্বাই পুলিশ। শিগিগরই ওই ৫ প্রযোজনা সংস্থার কর্ণধরকে পুলিস জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যায়।