লক্ষ্মীপুরে চলছে রেড জোন ভিত্তিক লকডাউন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুন, ২০২০ ২:৫৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে দিন দিন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার দুপুর পর্যন্ত নতুন আরও ৯ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৮ জনে। এদিকে সংক্রমণ ঠেকাতে জেলাব্যাপী বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এসব এলাকায় ১৬ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ বিস্তার রোধে জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার, চর লরেন্স, চর ফলকন, কমলনগরের হাজির হাট, তোরাবগঞ্জ, সদরের দক্ষিণ হামছাদী, দালাল বাজার, পার্বতী নগর, বাঙ্গাখা, মান্দারী, চন্দ্রগঞ্জ, কুশাখালী, পৌরসভার ১, ২, ৫, ৬, ৭, ১১, ১৫ নং ওয়ার্ড, রায়পুর পৌরসভা ও রামগঞ্জ পৌরসভাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এসব এলাকাকে সম্পূর্ণভাবে লকডাউন করতে চলছে মাইকিং। জরুরি প্রয়োজন ও পরিসেবা ছাড়া ঘর থেকে বের না হওয়া, সকল যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রাখার জন্য বলা হচ্ছে। এদিকে লকডাউন নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে জনমনে। বিষয়টি অনেকেই জানে না বলে জানান। বহু এলাকায় দোকানপাটও খোলা রাখতে দেখা গেছে।

অন্যদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ১৪৪ জনের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৪৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন