পুলিশে করোনা আক্রান্ত ৭ হাজার ছাড়ালো, মৃত্যু ২১
গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের ২২১ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে বাহিনীটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়ালো।
বৃহস্পতিবার (১১ জুন) বাহিনীটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৬ হাজার ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ২২১ জন যুক্ত হয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ১৯১ জনে।
শুক্রবার (১২ জুন) পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় শুক্রবার পর্যন্ত পুলিশে আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৫০০ জন সদস্য করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, চলমান সঙ্কটেও নিজের দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ২১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।
পুলিশের আরও মোট ৩ হাজার ১১২ জন সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন আরও ৯ হাজার ৩৬১ জন।
পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।