রামগঞ্জে পুলিশ চিকিৎসক সাংবাদিকরা পেলো মরিয়ম ফাউন্ডেশনের সুরক্ষাসামগ্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মে, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ, চিকিৎসক ও সাংবাদিকদের মাঝে ২০০ সেট সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মরিয়ম ফাউন্ডেশন। রবিবার (১৭ মে) দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মদিনা ফার্মাসিক্যাল কোম্পানির চেয়ারম্যান জাকির হোসেন পাটোয়ারীর উদ্যোগে এসব বিতরণ করা হয়।এরমধ্যে সুরক্ষা পোশাক পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হাত ও পায়ের গ্লাভস রয়েছে।

জানা গেছ, চিকিৎসক, নার্স ও স্টাফদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গুণময় পোদ্দারের কাছে ৫৮ সেট, পরিবার পরিকল্পনা বিভাগের স্টাফদের জন্য ১৪ সেট সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়েছে। পরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের কাছে পুলিশদের জন্য ৬৪ সেট সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। নিরাপদে তথ্য সংগ্রহ করতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ৪০ সেট সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া সোমবার (১৮ মে) উপজেলা প্রশাসনকে ২০ সেট সুরক্ষা সামগ্রী দেওয়ার কথা রয়েছে।

সুরক্ষা সামগ্রীগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মো. ইউছুপ, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, এমএ হালিম খাঁন লিটন, মোরশেদ পাটোয়ারী ও এমএসসি মনির হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের পরিবারের সদস্যদের খাদ্য সংকট দূর করতে মরিয়ম ফাউন্ডেশন ‘হাসি মুখ’ কর্মসূচির উদ্যোগ নেয়। ইতিমধ্যে কর্মসূচির আওতায় ১ হাজার ৬০০ গরীব অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ ও চিনিসহ ২২কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন