মাওলানা সাদকে করোনা পরীক্ষা করতে পুলিশের নোটিশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২০ ১১:৫৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের পরীক্ষা করাতে দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদকে ফের নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এর পাশাপাশি বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফে তাকে অন্য একটি নোটিশ পাঠিয়ে সরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করাতে বলা হয়েছে।

ইতিমধ্যে মাওলানা সাদের করোনা পরীক্ষা একটি বেসরকারি পরীক্ষাগারে করানো হয়েছে। তাতে তার শরীরে এই মরণ ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি বলে জানা গেছে। আর এই রিপোর্ট সাদের আইনজীবী ফয়জল আয়ুবি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে জমাও দিয়েছেন। খবর সংবাদ প্রতিদিনের

দিল্লি ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিড় জামাত সদস্যদের জমায়েতের জেরে মাওলানা সাদ ও অন্যদের বিরুদ্ধে মহামারি আইন ১৮৯৭, অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে ইডির তরফেও তাবলিগ প্রধান সাদ-সহ কয়েকজনের নামে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত মোট চারবার সাদকে নোটিশ পাঠাল দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, মাওলানা সাদের বিরুদ্ধে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ উঠেছিল। সাবধান করা সত্ত্বেও তিনি নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতের সমাবেশ চালিয়ে যান। মার্চের মাঝামাঝি সময়ে হওয়া ওই ধর্মীয় সমাবেশ ঘিরে বিতর্ক দেখা দেয় দেশজুড়ে।  শারীরিক পরীক্ষার পর অনেক তাবলিগ সদস্যের শরীরে করোনার জীবাণুও পাওয়া যায়। সুস্থ হওয়ার পরে তাদের মধ্যে অনেকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডাকে সাড়া দিয়ে রক্তের প্লাজমা দান করেন। করোনা আক্রান্তদের সুস্থ করার জন্যই এই পদক্ষেপ নেন তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন