আনসারীর জানাজায় অংশগ্রহণ: হোম কোয়ারেন্টিনে থাকবে কয়েক গ্রামের মানুষ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ১১:০০ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: বরেণ্য ইসলামী আলোচক মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের অংশ নেওয়ার ঘটনায় আরো কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা, সীতাহরণ ও আশুগঞ্জের বগুইর গ্রামসহ আশপাশের এলাকার মানুষকে ১৪ দিন ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ওই ক’দিন তাদের হোমা কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিষয়টি নিশ্চিত করে সরাইলের ইউএনও আবু সালেহ মো. মুসা জানান, ওই সব এলাকায় মাইকিং করে বলে হচ্ছে কেউ যেন বের না হন। এ ছাড়া স্থানীয় মেম্বারের নেতৃত্বে যুবকদের দিয়ে কমিটি গঠন করে দেওয়া হচ্ছে, যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায়।

এর আগে সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথা জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এর মধ্যেই সেখানে পুলিশ মোতায়েনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

করোনা পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজার না রেখেই লাখো মানুষ যুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশ নেয়। শনিবার সকালে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। তবে জানাজা মাদ্রাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন। অন্যান্যের তুলনায় এ জেলাকে করোনায় বেশি ঝুঁকি বলে মনে করা হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন