করোনা জয় করে বাড়ি ফিরল শিশু তৌহিদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ৯:৫১ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক:  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা আক্রান্ত শেরপুরের শ্রীবরদী হাসপাতালের কর্মরত আয়া খোদেজা বেগমের নাতি ১০ বছর বয়সের শিশু তৌহিদ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে করোনা আক্রান্ত ওই শিশুর করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় এবং সুস্থ হওয়ায় তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছেন।

খোদেজা বেগম পৌর শহরের সাতানি এলাকার বাসিন্দা শাজাহান মিয়ার স্ত্রী। ওই শিশুর সাথে আইসোলেশনে ছিলেন তার মা। মায়ের সাথেই বাড়ি ফিরে যায় ওই শিশু। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।

তিনি জানান, প্রথম করোনা আক্রান্ত হয় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা বেগম। গত ৫ এপ্রিল তাকে জেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। ওই দিনই আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এ ছাড়া তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চিকিৎসা দেওয়া হয়। পর পর তিনবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসায় সে সুস্থ বলে নিশ্চিত হন। পরে তাকে ১৬ এপ্রিল জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে খোদেজা বেগম করোনা আক্রান্ত হওয়ার পর ৯ এপ্রিল আক্রান্ত হয় তার ছেলের ঘরের নাতি ১০ বছর বয়সের শিশু তৌহিদ। পরে উপজেলা সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। এখানে সাত দিন চিকিৎসার পর প্রথম তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসায় সে সুস্থ বলে নিশ্চিত হন। পরবর্তীতে আবারো তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার আজ শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সুস্থ হয়ে তৌহিদ তার মায়ের সাথে বাড়ি ফিরে যায়।

শিশুর মা এ সময় ছেলের সাথে আইসোলেশনে ছিলেন। তিনি বলেন, আমিতো মা। ছেলেকে ছেড়ে আমি ঘুমাতে পারব না। আমার ছেলেও আমাকে ছেড়ে ঘুমাতে পারবে না। এ জন্য ছেলের সাথে ছিলাম। প্রথম কয়েকদিন ছিলাম খুবই দুশ্চিন্তায়। যখন রিপোর্ট পেয়েছি তখন চিন্তামুক্ত হই। ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন