রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ কাজল হোসেন (১৪) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। কাজল রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের মধ্য রায়পুরের রওশন বেপারী বাড়ীর মোঃ দুলাল হোসেনের ছেলে।
শুক্রবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান শফিক পাঠান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরমোহনা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে নিজ বাড়ীর পাশে বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে রাস্তায় পরে থাকে। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে মোঃ কাজল হোসেন মারাত্মকভাবে আহত হন।
গুরুতর আহত অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।