রায়পুরে দুর্ধর্ষ ডাকাতি, গৃহবধুসহ আহত ৪
রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় মুখোশধারী ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে স্বর্নালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ পরিবারের।
বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ৪নম্বর সোনাপুর ইউনিয়নের বগা রাখালিয়া গ্রামের নূর নবী বাচ্চু চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে নূরনবী চৌধুরী বাচ্চু (৫৮), গৃহবধু আমেনা বেগম (৫০), আবুল কাশেম (৫৫) ও পারুল বেগম (৩৯) আহত হন। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানান, ঘটনার সময় নূরনবী চৌধুরী বাড়ীর বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে ৭-৮ জন মুখোশধারী ডাকাত ভেতরে ঢোকে। এ সময় পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ব্যাপক মারধর করেন। পরে ডাকাতরা ওয়ারড্রব ও ষ্টিলের আলমারী ভেঙ্গে প্রায় ৪ ভরি স্বর্ন, নগদ সাড়ে ৪০ হাজার টাকা ও মোবাইল সেটসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এরপর কেয়ারটেকার আবুল কাশেমের টিনের ঘরের দরজা ভেঙ্গে তাকে ও পারুলকে বেঁধে মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ প্রায় ১লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
এ সময় দুই পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে ডাকাতদল তাদেরকে মারধর করে এবং ব্যাপক ভাংচুর করে পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া বলেন, ডাকাতি হওয়ার ঘটনা আমাদেরকে কেউ জানায়নি। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।