ঈদে লক্ষ্মীপুরে দেখা নেই মৌসুমী নেতাদের

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ জুন, ২০১৯ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঈদ এলেই বিভিন্ন রাজনৈতিক নেতারা গরীবের পাশে থাকেন। নতুন জামা-কাপড় বিতরণ করে। বক্তব্যে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। এসব কেবল তাদের ভোট ও পদ-পদবী পাওয়ার আগেই দেখা যায়।


ভোট গেলে তাদেরকে আর খোঁজে পাওয়া যায় না। পদ পেলে তো কথাই নেই। তিনি তখন ভূটানের রাজ বনে যায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। তারা মৌসুমী নেতা বলে পরিচিত স্থানীয়দের কাছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গেল বছর ছিল নির্বাচনী মৌসুম। ওই বছর অনেক নেতাকে গরীবদের দরজায় দরজায় দেখা যেত। বাড়িয়ে দিয়েছিল সাহায্যের হাত। বিতরণ করছিল খাদ্য সামগ্রীসহ ঈদের নতুন জামা। নেতাকর্মীদেরকেও ঈদ সালামি দিতে দেখা গেছে।


নির্বাচন শেষ, মৌসুমী নেতাদের দৌড়ঝাঁপও নেই। এখন তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। নেতাকর্মীদের ঈদ সালামিতো দূরের কথা; মোবাইল ফোনের কলও রিসিভ করছেন না তারা।


রমজানের শেষদিন মঙ্গলবার (৪ জুন) বিকেল পর্যন্ত নির্বাচনীয় মাঠে জন্ম নেয়া সেই মৌসুমী নেতাদের লক্ষ্মীপুর জেলার কোথাও দেখা যায়নি। তাদের নাম পদবী জানলেও প্রকাশ করতে চায় না নেতাকর্মীরা।


লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, নির্বাচন এলেই আওয়ামী লীগ ও বিএনপির নেতারা সাহায্যের নামে নিজের উদ্দেশ্য হাসিল করতে ভীড় জমায়। উদ্দেশ্য শেষে তাদেরকে আর দেখা যায় না। ওই সময় তারা মানবিক নেতা সাজে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন