রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লামিয়াকে বাঁচাতে গিয়ে নুশফি আক্তার (৮) নামে আরেক শিশু পানিতে ডুবে অসুস্থ হয়।
বুধবার (২২ মে) দুপুরে উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের অজি উল্যা মাস্টার বাড়ির আব্বাস উদ্দিনের মেয়ে ও অসুস্থ নুশফি একই বাড়ির আলমগীর হোসেনের মেয়ে।
পরিবার সূত্র জানায়, ঘটনার সময় লামিয়া ও নুশফি বাড়ির পুকুরে গোসল করতে যায়। এসময় অসাবধানতাবসত লামিয়া পানিতে ডুবে যায়। নুশফি তাকে বাঁচানোর চেষ্টা করলে নাকে-মুখে পানি ঢুকে অসুস্থ হয়ে পড়ে।
এসময় নুশফির চিৎকার শুনে বাড়ির লোকজন এসে দুইজনকে উদ্ধার করে। পরে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করে। নুশফিকে ওই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অসুস্থ নুশফির মামা কাউছার হোসেন বলেন, পুকুর থেকে উদ্ধার করে দুইজনকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। নুশফির হাসপাতালে চিকিৎসা চলছে।