লক্ষ্মীপুরে দগ্ধ তরুণীর মৃত্যুতে ইউপি সদস্যসহ গ্রেফতার ৪

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৯ ৬:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রামের তরুণী শাহীনুর আক্তারের (২৪) মৃত্যুর ঘটনায় ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এরমধ্যে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনকে আসামি করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ ৪ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


সোমবার (২২ এপ্রিল) রাতে শাহীনুরের বাবা জাফর উদ্দিন, মামা কামাল উদ্দিন এবং ফুফু নুরবানু পুলিশের সহযোগিতায় অগ্নিদগ্ধ হওয়ার স্থান পরিদর্শন করেন। পরে সালাউদ্দিনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে নিহতের বাবা জাফর উদ্দিন বাদি হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন।


গ্রেফতাররা হলেন চরফলকন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হাফিজ উল্লাহ, গ্রাম পুলিশ আবু তাহের, আবদুর রহমান ও আলাউদ্দিন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত তাদের আটক করে পুলিশ। পরে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
নিহতের বাবা জাফর উদ্দিন জানান, চট্রগ্রামের রাউজান থানার নোয়াজেশপুর গ্রামের পারিবারিক কবরস্থানে শাহীনুরের মরদেহ দাফন করা হবে।


কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, দগ্ধ তরুণীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। ৪ আসামি গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রসঙ্গত, চট্টগ্রামের রাউজান উপজেলার তরুণী শাহীনুর আক্তার শুক্রবার (১৯ এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগরের সালাউদ্দিনের কাছে স্ত্রীর স্বীকৃতি চাইতে আসেন। রোববার (২১ এপ্রিল) বিকেলে কমলনগর উপজেলার আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে তার শরীরে আগুন নিয়ে দৌঁড়ে বের হতে দেখে স্থানীয়রা। আগুন নিভিয়ে দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে ইউপি সদস্য হাফিজ উল্লাহ ও গ্রাম পুলিশ আবু তাহের। পরে সোমবার (২২ এপ্রিল) সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন