লক্ষ্মীপুরে ব্যালট বাক্স ছিনতাই, পুলিশের লেগুনায় আগুন
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। এসময় কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদরের একাংশ) আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। এ সময় পুলিশের লেগুনায় অগ্নিসংযোগ ও একটি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি শেখ মিরসহ ৫ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে ভোটকেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের কর্মীরা প্রতিহত করতে এগিয়ে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শেখ মিরসহ ৫ জন আহত হয়।
এক পর্যায়ে কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের একটি লেগুনায় অগ্নিসংযোগ করে বিএনপি কর্মীরা। ঘটনার সময় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শহিদ ইসলাম পাপুলের নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে তারা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, বিএনপির সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে ভাঙচুর করেছে। এ সময় তারা আওয়ামী লীগের ৫ জন আহত হয়।
জানতে চাইলে পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. সোহেল বলেন, হঠাৎ এক দল কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে। এ সময় ২০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।