মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে ফখরুলের বৈঠক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০১৮ ৬:২৪ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে গুলশানের লেকশোর হোটেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল।

জানা গেছে, ওই বৈঠকে আগামী নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মিলারকে অবহিত করেন বিএনপি মহাসচিব। দেশব্যাপী বিএনপি প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরকারি দলের বাধা ও নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে বলেও মিলারকে অবহিত করেন তিনি।

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে রবার্ট মিলার বলেন, আমরা মনে করি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়া উচিৎ এবং নির্বাচনে বিরোধীদলের যেসব প্রার্থী আছেন তাদের সমানভাবে প্রচার-প্রচারণা চালানোর সুযোগ দেয়া উচিৎ। সবাই যেন নির্বাচনী প্রচারণা চালাতে পারে যুক্তরাষ্ট্র সেটাই চায়।

মিলারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সঙ্গে মিলারের সাক্ষাত হয়েছে। আমরা এ সাক্ষাতে আমাদের দলীয় অবস্থান তুলে ধরেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন