৪০ বছর বয়সীরাও করোনা টিকা নিতে পারবেন : প্রধানমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে ৪০ বছর বয়সীরাও করোনা টিকা নিতে পারবেন। তবে করোনাভাইরাসের টিকা নিলেও সবাইকে মাস্ক পরতে হবে। সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

পরে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, যারা টিকা নিয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া অব্যাহত রাখতে বলেছেন।

তিনি বলেন, টিকা নিয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এটা আজকে থেকেই কার্যকর হয়েছে। এখন সাধারণ নাগরিক শ্রেণিতে ন্যূনতম বয়সের সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হচ্ছে, যা সোমবার থেকেই কার্যকর হবে। ইয়াংদের জন্য আস্তে আস্তে (রেজিস্ট্রেশন) ওপেন করে দিতে হবে। ফ্রন্টলাইনার যারা আছেন, তাদের ফ্যামিলির জন্যও ওপেন করে দিতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন