১ মাসের বিদ্যুৎ বিল ৯ লাখ টাকা!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২১ ১০:১৮ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে ভুতুড়ে বিলের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। এবার হেলাল উদ্দিন নামের এক মুদি দোকানি ভুতুড়ে বিলের তাণ্ডবে পড়েছেন। এক মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকা। এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি, ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকার বিদ্যুৎ বিল আসার পর ঘুমাতে পারছেন না মুদি দোকানি হেলাল।

হেলাল উদ্দিনের অক্টোবর ও নভেম্বর মাসের পিডিবির বিদ্যুৎ বিল পর্যালোচনা করে দেখা যায়, মোট ১২ হাজার ৯৬০ ইউনিট হলে অক্টোবর মাসে বিদ্যুৎ বিল এসেছিল ৮ হাজার ১১৪ টাকা। কিন্তু এক মাসে রিডিং ৯৩ হাজার ৮১৪ ইউনিট উঠে যায়। এতে নভেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকা।

বিদ্যুৎ বিভাগে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না হেলাল উদ্দিন। শুধু হেলাল নয়, এসব অনিয়ম-দুর্নীতি বন্ধ ও ভুতুড়ে বিল প্রতিকার না পেয়ে গৌরীপুর ইউপির কোনাপাড়া কদমতলী বাজারে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছেন।

হেলালের স্ত্রী নারগিস আক্তার জানান, আমাদের সাড়ে ৭ শতাংশের বাড়ি ভিটে আর কদমতলী বাজারের তিনটি দোকান বিক্রি করে দিলেও এ বিলের টাকা হবে না। অতিরিক্ত এ বিদ্যুৎ বিলের জন্য অফিসে দৌড়ঝাঁপ করতে গিয়ে তিনবেলার খাবারও জুটছে না। এ বিদ্যুৎ বিলের চিন্তায় তার স্বামী রাতে ঘুমাতেও পারছেন না।

শুধু হেলাল উদ্দিন নন, একই গ্রামের গুজন আলীর ছেলে আব্দুল খালেক, আফিস আলীর ছেলে মো. নবী হোসেন, আরব আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক, নিখিল চন্দ্র ধরের ছেলে নন্দন চন্দ্র ধর, জনু শেখের ছেলে রোমালী মন্ডল, আনির উদ্দিনের ছেলে আব্দুল হেলিমসহ আরো বেশ কয়েকজনের জানুয়ারির বিল স্বাভাবিক থাকলেও ফেব্রুয়ারির বিল  কয়েক গুণ বেশি আসে। এতে বিপাকে পড়ে যান তারা।

তাদের অভিযোগ, মিটার না দেখেই বিদ্যুৎ বিভাগ ভুতুড়ে বিল করেছে। বিদ্যুৎ মিটারে ইউনিট কম থাকলেও তার থেকে বেশি ইউনিটের বিল করা হয়েছে।

পিডিবির গৌরীপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিরঞ্জন কুন্ডু জানান, বিলে কোনো অসঙ্গতি ধরা পড়লে ঠিক করে দেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন