সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতার সঙ্গে গাড়ি চালান
সড়ক দুর্ঘটনা রোধে ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে গৃহীত পদক্ষেপ ও দিক নির্দেশনামূলক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
এ সময় বিআরটিসির অনিয়মের সিন্ডিকেট ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটিসির সমস্যা ডিপো কেন্দ্রিক। এসব অনিয়ম শক্তভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।
ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়। কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমরা জানি, গাড়ির চাকা সচল থাকলে সংস্থাটির আয় হয়। সরকার ৬ কোটি টাকা শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার জন্য দিয়েছে।
তিনি বলেন, অপ্রয়োজনে কিংবা ঠুনকো অজুহাতে শ্রমিক ছাঁটাই করলে তাদের মনের ক্ষোভ বাড়তে পারে। বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এই প্রতিষ্ঠানকে লাভের ধারায় ফিরিয়ে আনতে হবে ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
সেতুমন্ত্রী বলেন, অপরাধ করলে অপরাধীদের শাস্তি দিন। তবে শ্রমিকদের লঘু অপরাধে কোনো গুরুদণ্ড দেয়া যাবে না। বিআরটিসির পরিবহন মেরামত, ভূমি প্রধান, ইজারাদার, ইজারা আদায়, দৈনিক টিপ, ব্যবস্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠানে বাস প্রদান, বাস লিস্ট প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের খবর আছে।
তিনি আরো বলেন, আসন্ন ঈদ উপলক্ষে সরকার গণপরিবহনে চলাচল করার সুযোগ রেখেছেন। প্রতিবারের মতো বিআরটিসিও গ্রহণ করেছে বিশেষ পরিকল্পনা। এবার ঈদে ১ হাজার ২২৪টি বাস মানুষের সেবায় নিয়োজিত থাকবে। ঢাকা থেকে বিভিন্ন জেলায় বিআরটিসি ৮১৫টি বাস সার্ভিস দেবে। আর ঢাকার বাইরে ডিপোসমূহে ৪০৫টি বাস চালু থাকবে। নিয়মিত সার্ভিসের পাশাপাশি অতি প্রয়োজনে ৫০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।
সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগ ও সংকটের সাহসী নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে মনিটরিং করছেন। শেখ হাসিনার হাত ধরেই দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করেছেন মেডিকেল কলেজ। বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়। চিকিৎসা সেবা সম্প্রসারণের পাশাপাশি গবেষণাগারও করা হয়েছে।
এ সময় দেশের অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষের জন্য শুকনো খাবার ও ওষুধ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনগণের প্রতি ভালোবাসা রয়েছে। তিনি দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এ কারণে তার ওপর দেশবাসীর আস্থা রয়েছে।