স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়: ডিজি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২০ ১:৫১ অপরাহ্ণ

‘স্বাস্থ্যে এখন যে অবস্থা, এই মহামারির ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি, তা দূর করার চেষ্টা করব। স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ শনিবার ( ২৫ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার খুরশীদ আলম।

নতুন ডিজি বলেন, ‘স্বাস্থ্যে এখন যে অবস্থা, এই মহামারির ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেস করছি তা দূর করার চেষ্টা করব। সামনে এখন এটিই বড় চ্যালেঞ্জ।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সম্মান ও ইজ্জত নিয়ে তা শেষ করতে সবার কাছে দোয়া চানত তিনি। সেই সঙ্গে মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান নতুন এই মহাপরিচালক।’

অধ্যাপক আবুল বাসার বলেন, ‘সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।’ তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমরা যদি  সৎ না হই তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কথা যদি বলেন, আমি বলবো দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।’

গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম নিয়োগ পান। এর আগে ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিন বিকেলে অধ্যাপক খুরশীদ আলমের নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। খুরশীদ আলম কিছুদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেও চাকরি করেন। তিনি ২০১৮ সালে ঢাকা মেডিক্যাল কলেজে যোগ দেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন