রাজধানীর লালবাগে পিসি দাস স্ট্রিট এলাকায় স্বামীর নির্যাতনের শিকার হওয়ার দুই দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় হাফিজা আক্তার আয়েশার (২১) মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার এসআই কামরুজ্জামান।
তিনি বলেন, গতকাল (১১ জুলাই) মেয়েটির পরিবারের পক্ষ থেকে বাবা হাফিজুর রহমান বাদী হয়ে নারী নির্যাতনের মামলা করেন। ওই মামলার এক নম্বর আসামি নিহত হাফিজা আক্তার আয়েশার স্বামী মহিউদ্দিন মানিক। সর্বশেষ যেটা শুনেছি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মেয়েটির। মারা যাওয়ার খবরে লালবাগ থানার একটি টিম হাসপাতালে গিয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, শনিবার (১১ জুলাই) মামলায় উল্লেখ করা হয়, যৌতুকের জন্য আয়েশাকে শারীরিকভাবে নিয়মিত নির্যাতন করা হতো। ১০ জুলাই নির্যাতনের এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। শারীরিক অবস্থা যখন খারাপ হয়ে যায়। তখন দায় এড়ানোর জন্য রাজধানীর গ্রিন রোডে নিউলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালিয়েছে।
অন্যদিকে মামলার বাদী হাফিজুর রহমান বলেন, যৌতুকের জন্য অনেক আগে থেকেই আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। একাধিকবার যৌতুক দেওয়ার পরও এমন নির্যাতন করে। গত ৪/৫ ধরে আমাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ রাখতে দেয়নি আমার মেয়ের স্বামী।