সোনাইমুড়ীতে কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ

সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক জন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলোক পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার বাহারকুট গ্রামের আবদুল হকের ছেলে মোহন, আমিরাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন, উলুপাড়া এলাকার স্বপনের ছেলে মনির।

স্থানীয়রা জানায়, ভোট কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা সহিংসতা ঘটনা ঘটায়। তারা একটি ককটেল বিস্ফোরণ করে কিছু ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে। এ সময় মোহন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, কেন্দ্রের বাইরে বিচ্ছিন্নভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সোনাইমুড়ীতে পৌরসভা নির্বাচনে সহিংসতায় মোহন নামে এক যুবকের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। দুপুর ১২টার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন