সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত
গত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত ছিল। আগামী নির্বাচনে যাতে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেওয়া যায় সেজন্য মৌলিক কিছু প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।
রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ সরকার একটা নির্দলীয় সরকার। তারা দেশ শাসনে আসেনি। দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে। আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি।