সুবর্ণচরে ১ কোটি ৭৪ লাখ টাকা ঋণ পেলেন ৩২৫ জন কৃষক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১ ৮:২১ অপরাহ্ণ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩২৫ জন কৃষককে ১ কোটি ৭৪ লাখ টাকা ঋণ দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ৪ শতাংশ মুনাফায় ৩২৫ জন সয়াবিন ও মরিচ চাষিদের মাঝে এ বিনিয়োগ বিতরণ করেন।

ঋণপ্রাপ্ত কৃষক মো. আমিন মিয়া বলেন, কৃষকদের উন্নয়ন মানেই ব্যাংকের উন্নয়ন। সোশ্যাল ব্যাংক এখন কৃষকের ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক আমাদের স্বল্প মুনাফায় ঋণ দেওয়ায় এখন আর দাদনদারদের পেছনে ছুটতে হয়না। বেলা শেষে কৃষকরাও এখন সঞ্চয় করতে পারে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, স্বল্প সুদে ঋণ হলে কৃষক উপকৃত হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড যা করছে তাতে সকল কৃষকের মুখে হাসি ফিরবে। কৃষক ভাল থাকলে দেশ ভাল থাকবে। আমরা অর্থনীতিতে অনেক এগিয়ে যেতে পারবো।

এসআইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক বলেন, কৃষকদের মাঝে সব সময় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রয়েছে। আজকের এ বিনিয়োগের মাধ্যমে সঠিক সময়ে সার, বীজ সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কৃষকদের কাছে পৌঁছে যাবে।

 

অনুষ্ঠানে এসআইবিএল এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আন্ম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা, নোয়াখালী কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মহী উদ্দিন চৌধুরী, এসআইবিএল মাইজদী শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আবদুস শহিদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহাকারি অধ্যাপক মো. মুশফিকুর রহমান ও নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাজু আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন