সুবর্ণচরে পিকআপ চাপায় নারীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২১ ১:১২ অপরাহ্ণ
ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আট কপালিয়া এলাকায় মালবাহী পিকআপ ভ্যানচাপায় মনোয়ারা বেগম (৪৫) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

এ সময়ে তার ছেলে সালাউদ্দিন (২৫) ও অটোরিকশা চালক ইসমাইল হোসেন (৩২) আহত হয়েছেন। রবিবার বিকালে সাইফ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম চরজব্বার গ্রামের নূরুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বাড়ি থেকে আট কপালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন মনোয়ার বেগম ও তার ছেলে। পথে অটোরিকশাটি সাইফ মার্কেট এলাকায় পৌঁছলে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশাটি ধুমড়ে মুছড়ে গিয়ে মনোয়ারা, সালা উদ্দিন ও ইসমাইল হোসেন আহত হন।

স্থাানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মনোয়ারা বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন পিকআপ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

চরজব্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন