সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বাসটি কেঁপে ওঠে, প্রাণ গেল ৩জনের
‘সিলিন্ডারে গ্যাস রিফিল করার সময় বাসটি কেঁপে ওঠে। এতে রিফিল কর্মী (নজেল ম্যান) দ্রুত গ্যাসের নজেল খুলে নেয়। সাথে সাথেই বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় আশেপাশে থাকা লোকজন আহত ও নিহত হয়। বিকট শব্দে পাম্পের বিভিন্ন স্থানে থাকা কাচের গ্লাস ভেঙে যায়’৷
সোমবার (১৪ অক্টোবর) ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের গ্রীণ লিপ সিএনজি ফিলিং স্টেশনের কর্মী মো. হুমায়ুন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় পাম্পটিতে গ্যাস নেওয়ার সময় মেঘনা ক্লাসিকের বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হন অন্তত ২০ জন। প্রত্যক্ষদর্শী ৩ জন সিএনজি চালিত অটোরিকশা চালক জানায়, বাসের গ্যাস সিলিন্ডারটি পুরাতন ও নিম্নমানের ছিলো।
এ কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন ঘটনাস্থলে মারা গেছেন। কয়েকজন হাত পা হারিয়েছেন। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বাসে থাকা গ্যাস সিলিন্ডারের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে ফোন দিলেও তারা ঘটনার প্রায় একঘণ্টা পর ঘটনাস্থলে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ছিল। এতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে।
চিকিৎসক, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর-রামগতি সড়কে চলাকালকারী মেঘনা ক্লাসিক (চট্র মেট্রো-জ-১১-১৯৪০) নামক একটি বাস রাত ১ টার দিকে গ্রীনলিফ সিএনজি ফিলিং স্টেশন গ্যাস নিতে যায়। বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে বাসের আশপাশের থাকা লোকজন আহত হয়।
ঘটনাস্থলেই মারা যায় তিনজন৷ নিহতরা হলেন মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুজন (২৫)। হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে ও পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে ও সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে। অধিকাংশ আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে কারো হাত এবং কারো পা বিচ্ছিন্ন হয়ে গেছে।