সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন মোহাম্মদ শরীফ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ১২:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশের জার্সি গায়ে নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারেননি। যে কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারও বেশিদূর গড়ায়নি। তবে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে গেছেন মোহাম্মদ শরীফ। টানা ২০ বছর খেলার পর অবশেষে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডানহাতি এই পেসার।

শনিবার (১১ এপ্রিল) সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন শরীফ। করোনাভাইরাসের ছোবলে সব ধরনের ক্রিকেট খেলাই এখন বন্ধ। নইলে তার ক্রিকেট ক্যরিয়ারটা আরো একটু দীর্ঘ হতো। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ যদি মাঠে গড়ায় তাহলে চলতি বছরের আসরে খেলেই অবসরে যেতে চান তিনি।

২০০১ সালের এপ্রিলে ১৭ বছর বয়সে শরীফের অভিষেক হয় ওয়ানডেতে। একই মাসে খেলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট। শুরুটা ভালো হলেও ইনজুরিতে পড়ে ২০০২ সালে দলে নিজের জায়গা হারিয়ে ফেলেন।

২০০৩ সালের বিশ্বকাপের পরপর ভারত ও অস্ট্রেলিয়ায় বেশ কয়েকবার করান অস্ত্রোপচার। দীর্ঘ নয় মাস পর জাতীয় দলে ফেরাটা তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে। সর্বশেষ খেলেন ২০০৭ সালে। ক্যারিয়ারের দশ টেস্টে উইকেট নেন ১৪টি আর ৯ ওয়ানডেতে পান ১০ উইকেট।

বর্ণাঢ্য ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী শরীফ। ২০০০ সালে অভিষেক হওয়ার পর প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট নেন ৩৯৩টি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন