সদর আ.লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাসেল চৌধুরী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ মে, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট আরিফুন নবী চৌধুরী রাসেল সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্য হিসেবে তিনি আলোচনায় উঠে এসেছেন। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে নেতাকর্মীদের কাছে তার সুনাম রয়েছে।

রাসেল লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। এছাড়া তিনি লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা কমিটির সাবেক সদস্য, ঢাকা প্রাইম ইউনিভার্সিটি আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

রাসেল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরীর ছেলে। তার সেজো ভাই চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

সূত্র জানায়, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ও আওয়ামী পরিবারের সদস্য হিসেবে ছাত্রলীগের রাজনীতিতে রাসেল সক্রিয় ছিলেন। বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালনে দক্ষ ভূমিকাও রেখেছেন। দল ও নেতাকর্মীদের জন্য কাজ করতে সবসময় সক্রিয় ছিলেন। ভবিষ্যতেও নেতাকর্মীদের পাশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে তিনি বদ্ধপরিকর। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া ও তাদের আস্থার মানুষ হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। বিএনপি-জামায়াত সরকারের সময় ব্যক্তিগত ও পারিবারিকভাবে ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি হতে হয়েছে। এরপরও প্রতিনিয়ত আওয়ামী রাজনীতিতে তিনি নিজেকে সক্রিয় রেখে সকল আন্দোলন সংগ্রামে কাজ করেছেন।

আরিফুন নবী চৌধুরী রাসেল বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। সদর থানা আওয়ামী লীগের কমিটিতে প্রার্থী হয়েছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবসময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে থেকে সক্রিয়ভাবে কাজ করব।

খোঁজ নিয়ে জানা গেছে, ১১ মে লক্ষ্মীপুর পৌর শহরের এন আহম্মদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর পৌরসভা ও সদর থানা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ফরিদুন্নাহার লাইলীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। এ দুইটি শাখার সম্মেলনে অন্তত দুই ডজন নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন। রাজনীতিতে অবদানের কথা তুলে ধরে তাঁরা ইতোমধ্যে কেন্দ্র, জেলা, উপজেলাসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন