সংসদ নির্বাচনের তফশিল বৈধ ঘোষণা হাইকোর্টের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তফশিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন রিটকারী আইনজীবী।

বর্তমানে জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত তফশিল এবং ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়। গত ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সাত জনকে বিবাদী করা হয়।

গত ৪ ডিসেম্বর তফশিল স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।সেদিন রিটের পক্ষে আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন